প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১২:৪৯ এ.এম
অসহায় মানুষ। লেখক: তাহের আহমদ, সমাজকর্মী

অসহায় মানুষ
লেখক: তাহের আহমদ, সমাজকর্মী
অসহায় মানুষ হলো সমাজের সেই অংশ, যারা চরম দারিদ্র্য, রোগশোক, প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক বৈষম্যের কারণে নিজেদের মৌলিক অধিকার ও জীবনযাত্রার মান রক্ষা করতে ব্যর্থ হয়। তাদের পাশে দাঁড়ানো মানবধর্ম, নৈতিক দায়িত্ব এবং একটি সুস্থ সমাজ গঠনের পূর্বশর্ত।
সমাজে প্রতিনিয়ত একঝাঁক মানুষ চরম দুশ্চিন্তা ও অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অভাব তাদের নিত্যসঙ্গী। এসব মানুষের জীবনসংগ্রামের গল্প আমাদের অনেকের কাছেই অজানা থেকে যায়।
অসহায়ত্ব সৃষ্টির কারণ-
অসহায়ত্ব সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো দারিদ্র্য ও সামাজিক বৈষম্য। আয়ের অসম বণ্টন এবং সুযোগের অভাবে অনেক মানুষ স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হয়। এ ছাড়া বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। অসুস্থতা ও কর্মক্ষমতা হারিয়েও অনেকে পরিবার ও সমাজের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। উপযুক্ত আশ্রয়ের অভাব এবং পরিবার ও সমাজের ভালোবাসা ও সহায়তার ঘাটতি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের নানা কষ্ট ও ভোগান্তির মধ্য দিয়ে জীবন কাটাতে হয়।
সমাজে অসহায় মানুষের অবস্থা-
অসহায় মানুষ সমাজের অবহেলিত ও বঞ্চিত একটি অংশ। অনেক সময় তাদের কথা শোনার কিংবা তাদের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না। আইনি ও সামাজিক সুরক্ষার অভাবে তারা বিভিন্ন ধরনের নির্যাতন ও বঞ্চনার শিকার হন। ফলে তাদের জীবন হয়ে ওঠে আরও অনিশ্চিত ও দুর্বিষহ।
তাদের প্রতি আমাদের দায়িত্ব ও করণীয়-
অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব। তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করার পাশাপাশি কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। শুধু আর্থিক সহায়তা নয়, তাদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করাও জরুরি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে এসে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
পরিশেষে,অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই মানবতার প্রকৃত জয় হয়। সমাজের বিত্তবান, সচেতন ও সামর্থ্যবান মানুষ যদি ঐক্যবদ্ধভাবে অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে বৈষম্য ও বঞ্চনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ। আর সেই সমাজেই সর্বোপরি জয় হবে মানবতার।
ই পেপার