
সাহেবের বাজার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, মোবারক র্যালী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় সাহেবের বাজার হাজি তুরাব আলী জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। হাফিজ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা শামীম আহমদ ও হাফিজ ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন সাহেব (আলীপুরী)। তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, সুন্নাহ এবং মানবকল্যাণে তাঁর শিক্ষা অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা শামছুর রহমান সাহেব ও মোঃ ইলিয়াছ আলী সাহেব,সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ সাহেব এবং আল-আকসা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান পরিচালক হাফিজ মাওলানা আব্দুর রব। এছাড়াও অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা আব্দুল হালিম, হাফিজ অছির উদ্দিন, মাওলানা জিকরুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান ও মাওলানা আব্দুল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলের পর জোহরের নামাজের শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল 'মোবারক র্যালী ' বের করা হয়। র্যালীটি সাহেবের বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে সমবেত হয়।
পরবর্তীতে বিশ্বনবী (সা.)-এর শানে দরুদ ও মিলাদ পাঠ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।