দীর্ঘ প্রতীক্ষার পর অতি শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি। এই কমিটিকে ঘিরে বর্তমানে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। বিশেষ করে সংগঠনের শীর্ষ পদের লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বর্তমান জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন। ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তাকে বড় কোনো গুরুত্বপূর্ণ পদে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত স্বৈরাচারী সরকারের আমলে মো: জসিম উদ্দিন চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা ও হামলার ঘটনা ঘটলেও তিনি রাজপথ ছেড়ে পিছু হটেননি। এমনকি বিগত রমজান মাসেও তাকে কারাবরণ করতে হয়েছে। দলের জন্য বারবার জেল-জুলুম ও ত্যাগ স্বীকার করায় সাধারণ কর্মীদের কাছে তিনি এক আস্থার নাম হয়ে উঠেছেন।
সিলেট জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের দাবি, জসিম উদ্দিন সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে প্রতিকূল সময়ে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে এবং দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ছিল লক্ষণীয়। তৃণমূলের কর্মীরা মনে করেন, যারা দুর্দিনে দলের পতাকা আঁকড়ে ধরেছিলেন, তাদেরই নেতৃত্বে আনা উচিত।
সিলেটের বিভিন্ন ইউনিটের কয়েকজন ছাত্রদল নেতা জানান:"জসিম ভাই ছাত্র রাজনীতির একজন পরীক্ষিত মুখ। হামলা-মামলা তাকে দমাতে পারেনি। আমরা চাই আসন্ন জেলা কমিটিতে তাকে যথাযথ মূল্যায়ন করা হোক, যাতে সিলেটের ছাত্র রাজনীতি আরও গতিশীল হয়।"
এদিকে জসিম উদ্দিনের সাথে কথা বললে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও লক্ষ্য নিয়ে সুরমা দর্পণকে জসিম উদ্দিন জানান, পদ-পদবি বড় কথা নয়, বরং আদর্শিক জায়গা থেকে তিনি সবসময় সাধারণ ছাত্রদের পাশে থাকতে চান। তিনি বলেন, "দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, আগামীতেও সাধারণ ছাত্রদের অধিকার রক্ষা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব। দল যদি আমাকে যোগ্য মনে করে কোনো দায়িত্ব দেয়, তবে আমি সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা পালন করব।"