
.
জকিগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও ওসি (তদন্ত) সুজন মিয়ার বিরুদ্ধে সিলেট রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু হানিফ মোহাম্মদ নায়িম স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ৮ জুন জকিগঞ্জ উপজেলা সদরের সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা তালামীযের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট আলেম ও সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে।
অভিযোগ অনুযায়ী, সম্মেলনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জকিগঞ্জ থানা প্রশাসনকে ৩ জুন লিখিতভাবে অবহিত করা হয়। তবে সম্মেলনের আগের দিন ৭ জুন দিবাগত রাতে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া ও ওসি আব্দুর রাজ্জাক পৃথকভাবে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে ফোন করে সম্মেলনে উপস্থিত না হওয়ার অনুরোধ জানান। এমনকি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করার পরামর্শও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সুরমা দর্পণ ডেস্ক 








