
বৃহত্তর সাহেবের বাজার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে পরম শ্রদ্ধায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) স্থানীয় সাহেবের বাজার হাজী তুরাব মিয়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. ইলিয়াছ আলী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন বিশ্ববাসীর জন্য আল্লাহ তা’আলার সবচেয়ে বড় রহমত ও বিশেষ নিয়ামত। তিনি অন্ধকার ও অরাজকতার যুগে আলোকবর্তিকা হয়ে পৃথিবীতে এসে মানুষকে হেদায়েত, সত্য ও ইনসাফের পথ দেখিয়েছেন। আজ সমাজ থেকে অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা দূর করতে হলে রাসূলে আকরাম (সা.)-এর আদর্শ, চরিত্র এবং সুন্নাহকে দৈনন্দিন জীবনে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তুলতে হবে, যেন তারা মহানবীর শিক্ষা ধারণ করে সমাজ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করতে পারে।”
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভাটি পরিচালিত হয়। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপস্থিত সবার মাঝে তাবাররুক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সুরমা দর্পণ 








