
ইসলামি সমাজ বিনির্মাণ, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সাংগঠনিক ভাবধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার যৌথ উদ্যোগে ‘উপজেলা কর্মী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১২ টায় সিলেট সদর উপজেলার সোনাতলাস্থ তাহের কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা আল ইসলাহ-এর সভাপতি মাওলানা ক্বারী মো. নুরুল হক-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর সভাপতি হযরত মাওলানা মো. হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, “বর্তমান সময়ে নৈতিকতার অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে হলে তরুণ ও যুবসমাজকে ইসলামি আদর্শে গড়ে তুলতে হবে। সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের সর্বস্তরের কর্মীদের আত্মনিয়োগ করতে হবে। আমাদের আদর্শিক চেতনাকে ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে ইসলামের সুমহান বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রতিটি কর্মীর দায়িত্ব।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, “ছাত্র ও তরুণ সমাজকে সৎ, দক্ষ ও খোদাভীরু নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ইসলাম ও দেশের প্রয়োজনে একাত্ম হয়ে সবাইকে শৃঙ্খলার সাথে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আল ইসলাহ-এর সভাপতি মাওলানা আবু জাফর মো. নুমান এবং তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. আজির উদ্দিন পাশা সংগঠনের তৃণমূল পর্যায়কে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আল ইসলাহের সাবেক সভাপতি মাওলানা আজিজ আহমদ,লতিফিয়া ক্বারী সোসাইটি, সিলেট সদর পশ্চিমের সভাপতি মাওলানা আজিজুর রহমান ধনপুরী,ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড, সিলেট সদর উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা আমির আলী, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন, সিলেট পশ্চিম জেলার সভাপতি ইমরান আহমদ সুফি।
সম্মেলনে সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সুধীজন অংশ নেন। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘটে।
মামুনুর রশিদ, চীফ রিপোর্টার। 








